নয়াদিল্লীর নির্দেশে নিজামীর রায় দেওয়া হয় নাই বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ। সুষমা সরাজ যদি দেখে জনগণ এই রায়ের প্রতিবাদ করছে তাহলে তিনি ভাববেন সরকারের সঙ্গে জনগণ নেই।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত আতংকের জনপদ বাংলাদেশ- শান্তি প্রতিষ্ঠায় জনতার করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
হান্নান শাহ বলেন, রায় দিলে হরতাল হতে পারে এই আশঙ্কায় সরকার রায় দিচ্ছে না। রায় কেন হলো না। র এর এজেন্ট থেকে খবর এসেছে রায় দেওয়া যাবে না। জনগণ রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে।
তিনি বলেন,সরকারের বিপক্ষে কথা বললে জেলে যেতে হয়। গুলির ভয়ে ঘরে বসে থাকলে হবে না। তারিখ, ঈদ, পুজা ইত্যাদি ঠিক করে আন্দোলন করা যায় না। সরকার নির্যাতন নিপীড়ন করছে। আমাদের তেমন কর্মসূচি নেই। তাই নেতাকর্মীরা হতাশ।
বিএনপির এই শীর্ষ নেতা সংলাপের প্রস্তাবের বিরোধীতা করে বলেন, বিএনপির উচিৎ হবে না সরকারের কাছে প্রস্তাব দেওয়া। আন্দোলন করতে পারলে হাসিনা বেগম জিয়ার কাছে দৌড়ে আসবেন। বেগম জিয়ার নেতৃত্বে আমরা জনগণকে সাথে সে রকম আন্দোলন করবো।
সরকারের সমালোচনা করে বলেন, সরকার কোন দল নয়। জনগণের প্রতাক্ষ ভোটে সরকার নির্বাচিত হয়। ৫ জানুয়ারী জনগণ ভোট দেয় নাই । তাই এটাকে নির্বাচন বলা যায় না। এটা একটা অবৈধ সরকার। তারা দেশ ও জনগনের কাজ করে না। তারা নির্যাতন করতে ব্যস্ত।
আয়োজক সংগঠনের সভাপতি ফরিদা মনি শহীদুল্লাহর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, পেশাজীবি পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজী, ঢাকাবিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুকমল বড়ুয়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, মেজর (অব.) মো. হানিফ প্রমুখ।
ঢাকা, এমএইচ, ২৪জুন (টাইমনিউজবিডি.কম)





