২০ দলীয় জোট নেতা, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন পুরো নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে। সরকার ও ইসি শুধু প্রশ্নবিদ্ধই নয় বরং নির্বাচনের বুক বুলেটে ঝাঁজরা করে দেওয়া হয়েছে।

বুধবার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিয়াইল ইউনিয়নে গণসংযোগ শেষে বিকালে জয়পুর শাহফাতেহ আলী মাজার সংলগ্ন মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য একথা বলেন তিনি।

শফিউল বলেন, বেগম খালেদা জিয়া ও ২০ দলের ডাকে পল্লী বাংলার নিরস্ত্র মানুষ অসাধারণ সংগ্রামে নেমেছেন। ফলাফলের দিকে না তাকিয়ে ইউপি নির্বাচনকে আগামীদিনে গণসংগ্রামের প্রস্তুতি হিসেবে গ্রহণ করুন।

তিনি আরো বলেন, মনে রাখবেন স্থানীয় সরকার নির্বাচন আমাদের লক্ষ্য নয়। দিল্লীর তাবেদার ভোটারবিহীন সরকারের পতন ঘটিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্যই আমাদের সংগ্রাম। লাখো শহীদদের সাথে বেঈমানী করতে দেওয়া হবে না। ২০ দলীয় জোটের চাদর পরে যারা তলে তলে নৌকার সাথে হাত মিলিয়েছেন তাদের ব্যাপারে হুঁশিয়ার থাকবেন।

বর্তমান ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মতিয়ার রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ২০ দলীয় জোট প্রার্থী ইশতিয়াকুল আলম, জামায়াত নেতা খলিলুর রহমান, বিএনপি ও ছাত্রদলের আবু সাইদ মণ্ডল, মোস্তাফিজুর রহমান, জাগপার কেন্দ্রীয় সহ সভাপতি খন্দকার আবিদুর রহমান, যুব জাগপা নেতা মাহিদুর রহমান বাবলা প্রমুখ।

এমআইএস