তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো: মুরাদ হাসান বলেছেন, স্বাধীনতা অর্জনের মাত্র কয়েক বছরের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঈর্ষণীয় কর্মতৎপরতা দেখে জিয়াউর রহমান তাঁকে সপরিবারে হত্যা করেছে, এটাই জিয়ার অবদান। এই হত্যার বিচার বাংলার মাটিতে হবে। তার স্মৃতিতে চট্টগ্রাম সার্কিট হাউসে কিসের জাদুঘর? জাতির পিতার খুনির নামে রাষ্ট্রের টাকায় জাদুঘর থাকতে পারে না।

ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কারো দয়ার দান নয়। চট্টগ্রাম সার্কিট হাউসে থাকা এই জাদুঘর সরানোর জন্য চট্টগ্রামের সাংবাদিকসহ চট্টগ্রামবাসীর সহযোগিতা কামনা করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

গতকাল (০৬ সেপ্টেম্বর) সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এইসব কথা বলেন। খরব বাসস’র।

চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম এবং প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কার্যকরী সদস্য মহসিন চৌধুরী।

এমবি