বাংলাদেশ সফররত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়াবিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অ্যালিস ওয়েলসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ স্থানীয় কয়েকজন নেতা।

বুধবার সকালে বারিধারার মার্কিন দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির একাধিক দায়িত্বশীল এ তথ্য জানা গেছে। সূত্রের দাবি, বৈঠকটি একঘণ্টার বেশি সময় স্থায়ী ছিল। তবে বৈঠকে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

সূত্র জানায়, মার্কিন দূতাবাসের বৈঠকটিতে মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির ফরেইন অ্যাফেয়ার্স কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, শামা ওবায়েদসহ কয়েকজন উপস্থিত ছিলেন। অ্যালিস ওয়েলসের সঙ্গে আরও উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের কর্মকর্তারা।

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ দেখা করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি এটিকে সৌজন্য সাক্ষাত বলে দাবি করেন।

এর আগে, গত ২৮ অক্টোবর বিদেশি কয়েকটি রাষ্ট্র ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন নেতা। ওই বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাতিসংঘের প্রতিনিধিরা অংশ নেন।

এএইচ