প্রধানমন্ত্রীর চা-চক্রে যাচ্ছে না জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। সেইসঙ্গে গণফোরামের নির্বাচিত ২ সংসদ সদস্য শপথও নেবেন না। এছাড়া, এই জোটের পক্ষ থেকে নতুন কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

আজ (৩১ জানুয়ারি) বৃহস্পতিবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচি ঘোষণা করেন। 

মুখপাত্র মির্জা ফখরুল বলেন, “অবৈধ সংসদের প্রতিবাদে আগামী ৬ ফেব্রুয়ারি বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হবে এবং আগামী ২৪ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ও ভুক্তভোগীদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, “৩০ ডিসেম্বর প্রহসনের নির্বাচনের পর এই চা চক্রের আয়োজন, সেখানে আমরা যাব না।”

গণফোরামের দুই নেতার শপথ নেয়া প্রসঙ্গে ড. কামাল হোসেন বলেন, “আমরা আমাদের দলীয় সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছি। আমাদের কেউ শপথ নেবে না।”

বৈঠকে গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব ও ফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, ঐক্যফ্রন্ট নেতা রেজা কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এমবি