ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় গেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন।
রোববার রাত সাড়ে ১০টার দিকে লালবাগের মদিনা টাওয়ারে হাজী সেলিমের বাসায় যান সাঈদ খোকন।
বিষয়টি নিশ্চিত করেছেন সাঈদ খোকনের ব্যক্তিগত সহকারী সুমন। এ সময় সাঈদ খোকনের সঙ্গে উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মীরা।
এদিকে দলীয় সূত্রে জানা গেছে, সাঈদ খোকনের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ রয়েছে। এ জটিলতায় তার প্রার্থিতা আটকে গেলে হাজী সেলিমকে দলে টানা হবে। তিনি কোনো দলের সমর্থন না নিয়েই মেয়র পদপ্রার্থী হিসেবে প্রচারণাও শুরু করেছেন।
তবে যে কোনো সময় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে পারেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিম।
এ বিষয়ে হাজী সেলিম বলেছিলেন, ‘সিটি নির্বাচন করতে হলে সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিতে হবে এটা জেনেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ঢাকা দক্ষিণের জনগণ আমাকে বলেছে- সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে সিটি নির্বাচন করতে। তাই আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। সুতরাং সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে আপত্তি নেই।’
তিনি আরো বলেন, ‘জনগণের জন্য রাজনীতি করি। জনগণের কথা রাখতে মেয়র নির্বাচন করবো। আমি মাঠের লোক। ওয়ার্ড কমিশনার ছিলাম, ভারপ্রাপ্ত মেয়র ছিলাম।’
এসএইচ





