বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের স্ত্রী সৈয়দা জোহরা তাজউদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী শনিবার।
এ উপলক্ষে শনিবার বাদ মাগরিব জোহরা তাজউদ্দিনের মেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সিমিন হোসেন রিমির বনানীর ডিওএইচএসের বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
সৈয়দা জোহরা তাজউদ্দীনের জন্ম ১৯৩২ সালের ২৪ ডিসেম্বর। উদার সংস্কৃতিমনা পরিবারে বেড়ে ওঠেন তিনি। অধ্যাপক বাবার সান্নিধ্যে কিশোর বয়স থেকেই সমাজকর্মের প্রতি মনোনিবেশ ছিল তার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে পড়াশোনা করেন জোহরা তাজউদ্দিন। মহিলা পরিষদের সহ-সভানেত্রী জোহরা নারী মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ষাটের দশকের আইয়ুববিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি। ১৯৬৮ সালে গঠিত রাজবন্দি সাহায্য কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন জোহরা। এই কমিটির চেয়ারম্যান ছিলেন আতাউর রহমান খান।
১৯৭৭ সালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বায়ক নির্বাচিত হন। তার নেতৃত্বে অভিভাবকহীণ আওয়ামী লীগে প্রাণের সঞ্চার হয়। দীর্ঘদিন আফ্রো-এশীয় গণসংহতি পরিষদের সহ-সভানেত্রী ছিলেন জোহরা। তিনি এই পরিষদের বিভিন্ন সভা ও সেমিনারে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেন।
কেএইচ





