আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের নেতাকর্মীদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা, দেশের মানুষের রুটি রুজির নিশ্চয়তা দেয়া এবং দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা।
কৃষিমন্ত্রী বলেন, হাওড়ে এতো বড় ঢল হয়েছে কিন্তু শেখ হাসিনা প্রতিটি মানুষের খাওয়ার ব্যবস্থা করেছেন। উনি বলেছেন আপনাদের পাশে আছি। হাওড়ের দুর্দশাগ্রস্থ মানুষকে মমতাময়ী মায়ের মতো বুকে জড়িয়ে ধরে তাদের পাশে দাঁড়িয়েছেন।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর শিল্পাঞ্চল এলাকায় কাচঁপুর ওমর আলী স্কুল মাঠে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিকলীগের সমাবেশে তিনি এসব কথা বলেন।
কাচঁপুর শিল্পঞ্চল শ্রমিকলীগের সভাপতি আব্দুল মান্নান মেম্বারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মাহবুবুর হাসান চৌধুরি নওফেল, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির।
নওফেল বলেন, শেখ হাসিনার সরকার হচ্ছে শ্রমিক বান্ধব সরকার। অন্যান্য সরকার মালিকের পক্ষ হয়ে মজুরি নিয়ে শ্রমিকের সাথে দরকষাকষি করে। আর শেখ হাসিনা শ্রমিকের পক্ষ হয়ে মালিকের সাথে মজুরি নির্ধারন নিয়ে দরকষাকষি করে। শুধুমাত্র এই সরকারের আমলেই শ্রমিকরা সবচেয়ে বেশি সুবিধা ভোগ করছে।
মোক্তার/জারিফ





