বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চোখের চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন। রবিবার রাতে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান। এর আগে দলের সিনিয়র নেতাদের সাথে বৈঠক করেন বিএনপি প্রধান।

নজরুল ইসলাম খান আরও বলেন, ‘আমরা ম্যাডামকে (খালেদা জিয়া) অনুরোধ করেছি যাতে পরিবারের সাথে ঈদ করেন।’

তিনি বলেন, ‘আমরা আশা করছি তিনি যতদ্রুত সম্ভব দেশে ফিরে আসবেন। খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘এর আগেই তার লন্ডন যাওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে যেতে পারেননি।’

দলের সাংগঠনিক বিষয়ে তিনি বলেন, ‘ম্যাডামের অনুপস্থিতিতে দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাদের নিজ নিজ দলের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। এ ছাড়া দ্রুত তৃণমূলের কমিটি পুনর্গঠনের নির্দেশও দিয়েছেন।’

এ সময় উপস্থিত দলটির স্থায়ী কমিটির অপর সদস্য গয়েস্বর চন্দ্র রায়কে সাংবাদিকরা বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর আরোপিত ভ্যাট সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, ‘যেখানে বিনামূলে পড়ার সুযোগ দেওয়া উচিত সেখানে ভ্যাট বসানো হয়েছে। এটি অনৈতিক। এটি প্রত্যাহারের দাবী জানাচ্ছি।’

এর আগে রাতে সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, বেগম সারোয়ারী রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধূরী, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু চৌধূরী, ইকবাল হাসান টুকু, ইনাম আহমেদ চৌধূরী, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা ও সাধারন সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএইচ