রাজনৈতিক থেরাপির মাধ্যমে জঙ্গিবাদকে নিরাময় করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, জঙ্গিবাদী, আগুন-সন্ত্রাসীর আক্রমণ থেকে দেশকে রক্ষার জন্য এ থেরাপি দরকার।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার দুপুরে ‘বিশ্ব ফিজিওথেরাপি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় মন্ত্রী এ মন্তব্য করেন।
জঙ্গিবাদ-মৌলবাদের আশ্রয়দাতা আগুন সন্ত্রাসীদের এক চুলও ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ষড়যন্ত্রকারীরা এখনো গণতন্ত্রকে, এদেশের স্বাধীনতাকে হত্যা করতে চায়, যুদ্ধাপরাধীর বিচার বানচাল করতে চায়। এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর হত্যাকারী এবং যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছে, আরও অনেকের বিচার চলমান রয়েছে।
পঁচাত্তরের হত্যাকাণ্ড, ২১ আগস্ট শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা এবং মানুষ পুড়িয়ে হত্যা- একই সূত্রে গাঁথা বলে দাবি করেন তিনি।
সভায় ইনু বলেন, ফিজিওথেরাপি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান চালু করেছিলেন। আর জিয়া (প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমান) গুরুত্বপূর্ণ এই চিকিৎসা ব্যবস্থা বন্ধ করেছেন। বাংলাদেশ কলেজ অব ফিজিওথেরাপি প্রতিষ্ঠা করা জরুরি। এজন্য তিনি প্রধানমন্ত্রীকে বলবেন। শেখ হাসিনার নেতৃত্বেই এই এই কাজ বাস্তবায়ন সম্ভব।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল, নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, প্রাক্তন ক্রিকেটার হাবিবুল বাশার ও বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের (বিপিএ) প্রধান উপদেষ্টা অধ্যাপক আলতাফ হোসেন সরকার।
ইলিয়াস কাঞ্চন বলেন, দিন দিন ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব বাড়ছে। সড়ক দুর্ঘটনায় বছরে ২৫ থেকে ৩০ হাজার মানুষ আহত হয়। আহতরা এ চিকিৎসা নিয়ে বেঁচে থাকেন। এ চিকিৎসা ব্যবস্থাকে আরো উন্নত করতে হলে সবার আগে চিকিৎসকদের মূল্যায়ন করতে হবে।
জেআই





