জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, বর্তমান সরকার ব্যর্থ, ভোট চোর সরকার। গণতন্ত্রকে ধ্বংস করে আইয়ুব-ইয়াহিয়া ক্ষমতায় থাকতে পারেনি। আপনারাও পারবেন না। দেশের জনগণ বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত। গণ-অভ্যুত্থানের মাধ্যমে আপনার পতন ঘটানো হবে।
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ ব্যাংকের কোষাগার চুরি, তনু ও বাঁশখালীসহ সকল হত্যা-খুন-গুম-ধর্ষণ-লুটপাট বন্ধের প্রতিবাদে আয়েজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এই মানববন্ধনের আয়োজন করে।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আ স ম আব্দুর রব বলেন, সারাদেশে উন্নয়নের নামে তাণ্ডব চালিয়ে আপনি যে আনন্দ উল্লাসে আছেন এই আনন্দ বেশি দিন থাকবে না।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ। শান্তি মিশনে যে দেশ থেকে লোক পাঠানো হচ্ছে সেই দেশের একটা বিমানবন্দরের নিরাপত্তা রক্ষা করতে পারে না এই সরকার। সেই নিরাপত্তা দিতে যুক্তরাজ্য থেকে সিকিউরিটি আনতে হয়।
মানুষ ঘর থেকে বের হতে পারে না। প্রতিদিন গুম-খুন হচ্ছে। মানুষ কোনো দিক থেকেই নিরাপদ নয়। সরকার দেশের জনগণের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ বলেও মন্তব্য করেন আ স ম আব্দুর রব।
এ সময় তিনি নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, সিনিয়র সহ-সভাপতি এম এ গোফরান, সহ-সভাপতি তানিয়া ফেরদৌসী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল ফারুক বিপ্নবী ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় নেত্রী বন্নী শিখা জামালী প্রমুখ।
এম আর





