দেশের সকল জেলায় স্বাস্থ্য সেবা জোরদারের জন্য চলতি বছরের সেপ্টেম্বর মাসের মধ্যেই দশ হাজার নার্স নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, ঝালকাঠী সদর হাসপাতালকে আড়াই শ শয্যায় উন্নিত করার কাজ এরই মধ্যে শুরু হয়েছে। দক্ষ সেবিকা তৈরি করতে এ জেলায় একটি নার্সিং কলেজ স্থাপনের কাজ চলছে বলেও জানান তিনি।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে ঝালকাঠীর স্বাস্থ্য সেবার মানোন্নয়ন সংক্রান্ত এক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, স্বাস্থ্য সচিব সৈয়দ মন্জুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে ঝালকাঠী জেলার স্বাস্থ্য সেবা পরিস্থিতির বিস্তারিত আলোচনা হয়। এ সময় জেলা সদর হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারিদের শূণ্য পদ পূরণ, চিকিৎসা যন্ত্রপাতির সংরক্ষণ, কমিউনিটি ক্লিনিকগুলোর সংস্কার, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নিয়মিত তদারকিসহ অন্যান্য বিষয় আলোচনায় স্থান পায়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার একসাথে ছয় হাজার তিনশ’ ডাক্তার নিয়োগ দিয়েছে। নিয়োগকৃত ডাক্তাররা বাধ্যতামূলকভাবে ন্যূনতম দুই বছর কর্মস্থলে থেকে সেবা দিচ্ছেন।

এর ফলে গ্রামীণ স্বাস্থ্যসেবা খাতে ইতিবাচক পরিবর্তন এসেছে। তিনি স্বাস্থ্যসেবা জোরদারের জন্য সরকার প্রদত্ত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। কমিউনিটি ক্লিনিকগুলোতে সেবার মান বাড়াতে তিনি উর্ধ্বতন কর্মকর্তাদের সশরীরে পরিদর্শন ও মনিটরিং কার্যক্রম জোরদারের পরামর্শ দেন।

শিল্পমন্ত্রী ঝালকাঠীর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে আইড়া শ’ শয্যায় রূপান্তর, নার্সিং ইন্সটিটিউট প্রতিষ্ঠা এবং জেলার স্বাস্থ্যসেবা খাতে কর্মরত প্রতিষ্ঠানগুলোতে শূণ্য পদে দ্রুত জনবল নিয়োগের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন।

ইআর/এমবি