মহানবী (সা.), হজ ও তাবলিগ জামাত নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বিরূপ মন্তব্যে করায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে তার ফাঁসির দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কমিটি।

বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা এ দাবি করেন। দাবি আদায় না হলে শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।

সমাবেশে লতিফ সিদ্দিকীর কুশপুতুলে আগুন দেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। মন্ত্রীর ছবিতে জুতার মালাও পড়িয়েছেন তারা।

সমাবেশে সংগঠনের নেতারা বলেন, মহানবী (সা.), হজ ও তাবলিগ জামাত নিয়ে লতিফ সিদ্দিকী যে মন্তব্য করেছেন, তার জন্য তাকে বাংলাদেশের মাটিতে প্রবেশ করার আগেই শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে তাকে চূড়ান্তভাবে আ.লীগের সদস্য পদসহ মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে। সে মুসলিম নয়, শয়তান।’

ইসলামী আন্দোলনের নেতারা বলেন, মহানবী (সা.) বা হজ সম্পর্কে মন্তব্য করার জন্য নয় বরং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সম্পর্কে মন্তব্য করায় লতিফ সিদ্দিকীকে মন্ত্রিপরিষদ থেকে বরখাস্তের সিদ্ধান্ত দেয়া হয়েছে।

এদিকে সংগঠনটির এ কর্মসূচিকে ঘিরে প্রেসক্লাবের সামনে যান চলাচলে সাময়িক অচলাবস্থার সৃষ্টি হয়। প্রায় ১০ মিনিটের মতো রাস্তাটিতে যান চলাচল বন্ধ থাকে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর সভাপতি এটিএম হেমায়েত উদ্দীন, সহ-সভাপতি আলহাজ আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক একেএম সাইফুল ইসলাম।

জেআই