মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এম.পি বলেছেন, বিএনপি জামায়াত রাজনীতির নামে জনগণের সাথে প্রতারণা করছে।
তাদের নেতা সালাউদ্দিনকে লুকিয়ে রেখে সরকারের উপর চাপ প্রয়োগ ও দেশের ভাবমূতি নষ্টের অপচেষ্টা করেছিল। কিন্তু সালাউদ্দিনের খোঁজ পাওয়ায় জনগণের সামনে পরিস্কার হয়েছে তারা প্রতারণা করছে।
হরতাল-অবরোধের নামে যারা মানুষ পুড়িয়ে মারে তারা দেশ ও জাতির শত্রু। এই ধরনের জঘন্য কাজ বন্ধ করতে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে।
তিনি বলেন, রাজনীতির নামে আগুন, জ্বালাও-পোড়াও দেশের মানুষ প্রত্যাখান করেছে। ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে এর প্রতিফলন আমরা দেখেছি।
তিনি আরো বলেন, এদেশে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে জনস্বার্থে রাজনীতি করতে হবে। কিন্তু বিএনপি জোটের রাজনীতি জনবিরোধী ও দেশদ্রোহীতার সামিল।
তিনি জনগণের বিপক্ষে রাজনীতির নামে নাশকতা না চালাতে বিএনপি-জামায়াতের প্রতি আহবান জানান।
গত ১৩ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কনফারেন্স রুমে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে আয়োজিত অগ্নিগদ্ধ রোগীদের চিকিৎসায় গণসচেতনতা অপরিহার্য শীর্ষক আলোচনা সভা ও হরতাল-অবরোধের নামে রাজনৈতিক সহিংসতায় অগ্নিদগ্ধ রোগীদেরকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য কবি কাজী রোজি, অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাছিরউল্লাহ ভূইয়া। মুজিব মানে বাংলাদেশ বইয়ের রচয়িতা নার্স মোঃ খাদেমুল ইসলাম এই অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন।
এসএইচ





