শিক্ষার প্রাথমিক স্তরেই শিশুরা চূড়ান্ত পরীক্ষার প্রশ্ন-পত্র পেয়ে যায় মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে.জে.(অব.) মাহবুবুর রহমান বলেছেন,জাতীয় জীবনে বিপর্যয় থাকতে পারে। কিন্তু প্রশ্নপত্র ফাঁস হওয়া জাতির জন্য চরম বিপর্যয়। আমাদের শিক্ষা-ধর্ম-নীতি সবই আজ ধ্বংস হয়ে গেছে। আর এসব ধ্বংসের জন্য দায়ী বর্তমান সরকার।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির আয়োজনে 'প্রশ্নপত্র ফাঁস, বিপন্ন শিক্ষাব্যবস্থা: উত্তরণের উপায়' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,জাতীয় জীবনে ভয়ঙ্কর দুর্যোগ চলছে,সর্বত্র দূর্নীতি ভরে গেছে। দূর্নীতি ঢুকে পড়ছে সমাজের সকল স্তরে। আর এ দূর্নীতির কারণেই এক সময় তলিয়ে যাবে বাংলাদেশ।
তিনি আরো বলেন, শিশুরা আমাদের ভবিষ্যত, আজকে কোমলমতি শিশুরা যদি দূর্নীতি, গুম-খুনের চিত্র দেখে তাহলে ভবিষ্যতে তাদের কাছ থেকে জাতি কি আশা করে? এ সময় শিশুদের শিক্ষা ব্যবস্থাকে একটি নৈতিক ভিত্তির উপর দাঁড় করানো খুবই প্রয়োজন বলে মত দেন তিনি।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সংসদ একটা তাসের ঘর। তা যেকোন মুহুর্তে ভেঙ্গে যেতে পারে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গুমোট পরিস্থিতি বিরাজ করছে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির উপদেষ্টা আলহাজ্ব আকবর হোসেন ভূইয়া নান্টুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমীন গাজী, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান  অধ্যাক্ষ মো: সেলিম ভুইয়া, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব মো: জাকির হোসেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির চেয়ারম্যান শেখ মিজানুর রহমান প্রমূখ।
[b]ঢাকা, আইএইচ, ৯ মে (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]