তিনি বলেন, দেশের জনগণ আর কথার ধোঁকায় পড়বে না। এবার তারা ভোট দেবে দলীয় কর্মকাণ্ড দেখে। কারা সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাট করছে, আর কারা জনগণের পাশে দাঁড়িয়েছে জনগণ সব জানে ও বোঝে।

সোমবার (৬ অক্টোবর) রাতে রাজধানীর জিগাতলায় ঢাকা-১০ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মাসুদ আরও বলেন, ক্ষমতায় বসার আগেই যারা নদীর বালু, পানি ও পাথর লুট করেছে, তাদের হাতে দেশ ও জাতি কখনো নিরাপদ নয়। তাই দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের ভোটের মাধ্যমে বয়কট করতে হবে।

তিনি অতীত সরকারগুলোর ব্যর্থতার প্রসঙ্গ টেনে বলেন, স্বাধীনতার পর ৫৪ বছরে রাষ্ট্র মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেনি। জনগণকে জানতে হবে— কেন তারা পারেনি, এবং কারা এ ব্যর্থতার দায় বহন করবে।

জামায়াতে ইসলামীকে দুর্নীতিমুক্ত দল হিসেবে উল্লেখ করে ড. মাসুদ বলেন, জামায়াতে ইসলামীর সাবেক আমীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ও সাবেক সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মুজাহিদ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তাদের বিরুদ্ধে দুই টাকার দুর্নীতির প্রমাণ পর্যন্ত কেউ দিতে পারেনি। তারা চ্যালেঞ্জ দিয়েছিলেন কেউ যদি এক পয়সার দুর্নীতির প্রমাণ দিতে পারে, তবে রাজনীতি থেকে সরে দাঁড়াবেন। আজও কেউ তা প্রমাণ করতে পারেনি।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বে দুর্নীতির কোনো সুযোগ নেই। জামায়াতের নেতারা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। যারা আল্লাহকে ভয় করে, তারা দুর্নীতি, সন্ত্রাস বা চাঁদাবাজি করে না এবং জনগণের সম্পদ বিদেশে পাচার করে না।

রাষ্ট্র পরিচালনায় একবার সুযোগ পেলে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, জামায়াতে ইসলামী বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও মানবিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।

পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার। তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল জনগণের মৌলিক অধিকারের নিশ্চয়তার অঙ্গীকার নিয়ে। কিন্তু ৫৪ বছরেও সেই অঙ্গীকার বাস্তবায়িত হয়নি। রাষ্ট্র মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। যে সরকার জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারে না, সে কখনো জনগণের সরকার হতে পারে না।

তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মানুষের পাঁচটি মৌলিক অধিকার রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করবে। আমরা জনগণের আমানতের খেয়ানত করব না। আমাদের আমীরে জামায়াত ঘোষণা দিয়েছেন আমরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না; চাঁদাবাজি করব না, কাউকে চাঁদাবাজি করতে দেব না; সন্ত্রাস করব না, কাউকে সন্ত্রাস করতে দেব না।

তিনি আরও বলেন, আমরা এমনভাবে রাষ্ট্র পরিচালনা করব যে, ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে হবে না। ক্ষমতায় থাকলেও জনগণের পাশে থাকব, ক্ষমতায় না থাকলেও জনগণের সাথেই থাকব।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালক অধ্যাপক নুর নবী মানিক। আরও বক্তব্য রাখেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সহকারী পরিচালক শেখ শরীফ উদ্দীন আহমদ, হাজারীবাগ উত্তর থানা আমীর মাহফুজ আলম প্রমুখ।

সভা শেষে ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে নেতৃবৃন্দ ঢাকা-১০ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এসময় বিভিন্ন মার্কেট ও দোকানের মালিক, কর্মচারী এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এনএইচ