সংসদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করেছেন সরকারি দলের সাংসদরা।
রোববার দশম সংসদের চতুর্থ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে বক্তব্য রাখেন তারা।
‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল নয়’বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন সরকার দলীয় সদস্য ও প্রাক্তন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ।
তিনি বলেন, ’৫২-র ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। খালেদা জিয়ার স্মরণশক্তি কমে গেছে। তিনি এখন উল্টা-পাল্টা কথা বলছেন।’
তিনি অভিযোগ করে বলেন, ‘নির্বাচনে অংশ না নিয়ে খালেদা জিয়া ক্ষমতা পেতে নানা জায়গায় ধর্ণা দিচ্ছেন। তিনি ধর্ণা দিয়েছেন আমেরিকার একজন অ্যাসিস্টেন্ট মিনিস্টারের কাছে। ভারতের নির্বাচনের পর, সেখানেও ধর্ণা দিয়েছেন। সবশেষ এখন পাকিস্তানের কাছেও ধর্ণা দিচ্ছেন বেগম জিয়া। গোটা বিশ্ব জানে আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছি।’
তিনি আরো বলেন, ‘আপনার স্মরণশক্তি কী এতই কম? আপনি সঠিক ইতিহাস জানেন না? প্রজন্মের কাছেও ইতিহাস তুলে ধরতে চান না। আপনার এ চেষ্টা সফল হবে না।’
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং প্রাক্তন পরিবশে ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘যুদ্ধাপরাধীদের গাড়িতে তিনি লাল সবুজের পতাকা লাগিয়ে দিয়েছেন। তিনি রাজাকারদেরই মুক্তিযুদ্ধের দল মনে করেন। তিনি যখন যুদ্ধাপরাধীদের সঙ্গে জোট গঠন করেন, তখন বোঝা যায়, তার আনুগত্য আসলে কোথায়।’
প্রসঙ্গত:, গতকাল কুমিল্লায় ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় খালেদা জিয়া ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল নয়’ও ‘গণতন্ত্রে বিশ্বাস করে না’বলে দাবি করে বক্তব্য রাখেন।
জেএ





