নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি পেট্রোল বোমার আন্দোলনে ব্যর্থ হয়ে এখন গভীর ষড়যন্ত্র করছে। আর এটি হচ্ছে লন্ডনে বসে।

তিনি বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া, আপনি যত ষড়যন্ত্রই করেন, আমরা কিন্তু তাতে আছাড় খাব না।’

বৃহস্পতিবার মতিঝিল সোনালী ব্যাংক চত্বরে জাতীয় পতাকা মিছিলের আগে শাজাহান খান এসব কথা বলেন।

বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও, ভাঙচুর, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা, ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি ও শিক্ষা জীবন ধ্বংসের প্রতিবাদে এই কর্মসূচি পালন করে শ্রমিক-কর্মচরী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ।

এই পরিষদের আহ্বায়ক শাজাহান খান বলেন, ‘২০ দল দেশের স্বাধীনতা ধ্বংসের চেষ্টা করছে। লন্ডনে বসে ষড়যন্ত্র করা হচ্ছে। যখন দেশের মানুষ পেট্রোল বোমা হামলা ব্যর্থ করে দিয়েছে, তখন তারা আরও গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত সারাদেশে গণহত্যা চালাচ্ছে। এখন কারও ঘরে বসে থাকলে চলবে না। সবাইকে সম্মিলিতভাবে এ ষড়যন্ত্র রুখে দিতে হবে।’

নৌ পরিবহনমন্ত্রীর বক্তব্য শেষে একটি পতাকা মিছিল বের হয়। এতে বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং বিদ্যুৎ ও পানি উন্নয়ন বোর্ডের শ্রমিক-কর্মচারীরা অংশ নেন।

মতিঝিল থেকে পতাকা মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এএইচ