কিশোরগঞ্জ জেলা ২০ দলীয় জোট আয়োজিত জনসভার মঞ্চে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিকাল সাড়ে ৩ টায় তিনি স্থানীয় সরকারি গুরুদয়াল কলেজ মাঠে উপস্থিত হন। এসময় উপস্থিত জনতা তাকে মুহুর্মুহু স্লোগান ও করতালির মাধ্যমে স্বাগত জানান। বেগম জিয়াও উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।

অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি জনসভায় প্রধান অতিথির ভাষণ দিবেন। কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে জনসভায় ২০ দলীয় জোটের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন।

জনসভা আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২টার মধ্যে গুরুদয়াল কলেজ মাঠ কানায় কানায় ভরে গেছে। লাখো জনতার ঢলে ইতোমধ্যে জনসমুদ্রে পরিণত হয়ে গেছে সমাবেশস্থল। এরপরও জনসভায় অংশ নিতে বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা আসছেন। জনসভামুখী জনতার ঢল নেমেছে শহরের প্রতিটি সড়কে। মঞ্চে জাসাসের শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করে জনতাকে মাতিয়ে রাখেন।

এর আগে বেলা পৌঁনে ১১টায় তিনি রাজধানীর গুলশানের বাস ভবন থেকে সড়কপথে রওনা দেন। বেগম জিয়ার গাড়ী বহর গুলশান-নয়াপল্টন-যাত্রাবাড়ী-কাঁচপুর ব্রীজ-নরসিংদী হয়ে বিকাল ৩টায় কিশোরগঞ্জ জেলা সার্কিট হাউজে পৌঁছান।
এমএইচ