২০ দলীয় জোটের ডাকা চলমান অবরোধ কর্মসূচি ও ৩৬ ঘণ্টা হরতালের শেষ দিনে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে জোটের নেতা-কর্মীরা।
খালেদা জিয়াকে অবরুদ্ধ, মিথ্যা মামলা দায়ের ও নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে রোববার ভোর ৬টা থেকে ৩৬ ঘণ্টা হরতালের ডাক দিয়েছিলো বিএনপি জোট।
নোয়াখালী: নোয়াখালীতে হরতালের সমর্থনে ২০ দলের নেতাকর্মীরা জেলা শহর মাইজদী বাজার, নতুন বাসষ্টান্ড, দত্তের হাট ও সোনাপুর গতকাল সোমবার দফায় দফায় মিছিল করেছে।
শ্রমিকদলের জেলা যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রাসেল, ছাত্রদল নেতা মুজাহিদুল ইসলাম, নোয়াখালী কলেজ ছাত্রশিবির সভাপতি আমিরুল ইসলাম নাসিম, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল রাকিব, সাংগঠনিক সম্পাদক শামিম সহ ২০ দল নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহন করে।

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি।
সোমবার সকাল ৮টায় বাকেরগঞ্জের পাতাবুনিয়া সড়কের গোমা এলাকা মিছিল করে উপজেলা বিএনপির। এতে নেতৃত্বে দেন সাবেক সংসদ সদস্য উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন খান।
মিছিলটি গোমা ডিসি সড়কের বেশ কয়েকটি স্থান প্রদক্ষিণ করে। একপর্যায়ে তারা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

গাজীপুর: গাজীপুরে হরতালের সমর্রতালে মিছিল করেছে গাজীপুর মহানগর শিবির। মহানগর শিবিরের সভাপতি ফুয়াদ হাসান পল্লবের নেতৃত্বে টঙ্গীতে ঢাকা -ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা।
সোমবার সকাল ৮ টার দিকে এ মিছিলটি বের হয়। মিছিল শেষে রাস্তায় আগুন দিয়ে মহাসড়ক অবরোধ করে।

সিলেট: সিলেটে হরতালের সমর্থনে শিবির নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ গুলি ছুঁড়ে। পরে শিবির নেতাকর্মীরা স্থান ত্যাগ করে চলে যায়।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর আম্বরখানার খাসদবির এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মিছিলটি খাসদবির থেকে বিমান অফিস এলাকায় আসার পর পুলিশ মিছিলকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।
এ সময় শিবিরের নেতাকর্মীরা পুলিশকে ধাওয়া করার চেষ্টা করে। তারাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও পেট্রলবোমা নিক্ষেপ করে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

টাঙ্গাইল: টাঙ্গাইলে সোমবার সকালে হরতালের সমর্থনে মিছিল বের করে স্থানীয় বিএনপি। মিছিলটি শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বের হয়ে স্থানীয় শহীদ মিনার পর্যন্ত পৌঁছলে পুলিশের বাধার সন্মুখীন হয়। এরপর তারা সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে।

শাহজাহানপুর: রাজধানীর শাহজাহানপুরে মিছিল, সমাবেশ ও পিকেটিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর। মিছিলটি মালিবাগ শান্তিবাগ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মালিবাগে এসে রাস্তা অবরোধ করে সমাবেশ করে।

মিরপুর: হরতাল ও অবরোধের সমর্থনে মিরপুর পশ্চিম থানার উদ্যোগে মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর। মিছিলটি কল্যাণপুর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সড়ক অবরোধ করে সমাবেশ করে।

হাজারীবাগ: রাজধানীর হাজারীবাগে মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধ করেছে ২০ দলিয় জোটের নেতাকর্মীরা। সোমবার সকাল সোয়া সাতটায় অনূষ্ঠিত মিছিলটি রায়েরবাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুলপাড়ে গিয়ে সমাবেশ, পিকেটিং ও সড়ক অবরোধ করে।
রমনা থানা: রাজধানীর রমনায় সোমবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর মৌচাকে মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধ করেছে জামায়াতে ইসলামী রমনা থানা।

ডেমরা থানা: রাজধানীর ডেমরায় সোমবার সকাল পৌনে সাতটায় ডেমরা স্টাফ কোয়াটার এলাকায় মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধ করেছে জামায়াতে ইসলামী ডেমরা থানা।
যাত্রাবাড়ি(পূর্ব) থানা: রাজধানীর যাত্রাবাড়িতে সোমবার সকাল সাতটায় কলেজ রোড এলাকায় মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধ করেছে জামায়াতে ইসলামী যাত্রাবাড়ি (পূর্ব) থানা ।
যাত্রাবাড়ি(পশ্চিম) থানা: রাজধানীর যাত্রাবাড়িতে সোমবার সকাল সাড়ে সাতটায় ধোলাইপাড় এলাকায় মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধ করেছে জামায়াতে ইসলামী যাত্রাবাড়ি (পশ্চিম) থানা।
শ্যামপুর থানা: শ্যামপুরে সোমবার সকাল সাতটায় নারায়নগঞ্জ রোডের লাল মসজিদ এলাকায় মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধ করেছে জামায়াতে ইসলামী শ্যামপুর থানা। মিছিলের নেতৃত্ব দেন জামায়াত নেতা এন আহমদ, আঃ রহিম, কামরুল হক, আমিনুল হক, ফরিদ হোসাইন ও নিজামউদ্দিন হীরা প্রমূখ।

আদাবর ও মোহাম্মদপুর থানা : রাজধানীর আদাবর ও মোহাম্মদপুর থানা সোমবার সকাল আটটায় মোহাম্মদপুরের তাজমহল রোডে মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধ করেছে জামায়াতে ইসলামী।
কোতয়ালী থানা: রাজধানীর বাবুবাজার এলাকায় মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধ করেছে জামায়াতে ইসলামী কোতয়ালী ও বংশাল থানা ।
এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় হরতালের সমর্থনে মিছিল করেছে নেতা-কর্মীরা।
এমকে





