মধ্যবর্তী নির্বাচন দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) ও ন্যাশনাল পিপিলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু।
সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে বৃহস্পতিবার দুপুর ২টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি।
গত৫ জানুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করে মধ্যবর্তী নির্বাচন দাবি করেন তিনি।
মতবিনিময়কালে নিলু বলেন, আজ হযরত শাহাজালাল (র.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে আমরা নতুন জোটের রাজনৈতিক যাত্রা শুরু করেছি।
দেশে খুন-গুম বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, খুন-গুম, হামলা-মামলা করে আন্দোলনকে থামানো যাবে না। অবিলম্বে খুন-গুম, হামলা-মামলা বন্ধ করে সব রাজবন্দিকে মুক্তি দেওয়ার দাবি জানান এ নেতা।
শেখ শওকত হোসেন নিলু বলেন, গত বছর দেশব্যাপী নৈরাজ্য, মানুষ হত্যা, দেশের সম্পদ নষ্ট করার জন্য যদি কোনো মামলা হয়, সেই মামলার আসামি আমাকে করা হলে আমি প্রতিবাদ করব না। তবে সেই মামলার প্রধান আসামি হবেন বেগম খালেদা জিয়া।
এ সময় উপস্থিত ছিলেন- এনডিএফের মহাসচিব আলমগীর মজুমদার, বাংলাদেশ মুসলীম লীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোবাইদা কাদের চৌধুরী, মহাসচিব আতিকুল ইসলাম, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক প্রমুখ।
একে





