বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেন, আজকের মেধাবীদের স্বপ্নের মাঝেই আগামী বাংলাদেশের সমৃদ্ধি লুকিয়ে আছে। যদিও তাদের স্বপ্ন পূরণে পর্যাপ্ত সুযোগ দেশে নেই। এরপরও ঐতিহ্য অনুযায়ী মেধাবীদের স্বপ্ন পূরণে পাশে থাকবে ছাত্রশিবির ।    

তিনি শুক্রবার রাজধানীর এক মিলনায়তনে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের নিয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শিবির সভাপতি বলেন, অনেক চেষ্টা সাধনার পর একজন ছাত্র মেধার স্বাক্ষর রাখে। তাদের এই গৌরবৌজ্জল সাফল্যে শুধু মেধাবী নয় বরং তার পরিবার ও জাতি তাকে নিয়ে স্বপ্ন দেখে। প্রত্যাশার মাত্রা বেড়ে যায়। কিন্তু পর্যাপ্ত শিক্ষার পরিবেশ না থাকা, মাদক, সন্ত্রাস, অপসংস্কৃতি, অসৎ সংগ, ধর্ম বিমূখতা ও আর্থিক প্রতিবন্ধিকতার কারণে মেধাবীদের স্বপ্ন ভেঙ্গে যায়। ফলে হাজারো সম্ভাবনা নিমিষেই হারিয়ে যায়।

তিনি আরও বলেন, মেধাবীদের সঠিক মূল্যায়ন ও তাদের মেধা বিকাশে রাষ্ট্র তার দায়িত্ব পালন করছে না। তাই ছাত্রশিবির জাতিকে সৎ, দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরীক উপহার দেয়ার দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছে।

তিনি আশ্বাস দিয়ে বলেন, "আমরা বলব, মেধাবীদের হতাশ হওয়ার কিছু নেই। কুরআনের আলোকে নিজেদের গড়তে সচেষ্ট হলে মেধাবীরা সব বাধাই অতিক্রম করে চূড়ান্ত সফলতা অর্জন করতে পারবে। আর মেধাবীদের এই পথ চলায় ছাত্রশিবির তার সাধ্যমত পাশে থাকবে ইনশাআল্লাহ।

শাখা সভাপতি এম শামিমের সভাপতিত্বে ও সেক্রেটারী শরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোবারক হোসেন।

জেডআই