বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবদুস সোবহানের ফাঁসির রায়ে জনমনে স্বস্তি এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বুধবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সহযোগি, ভ্রাতৃপ্রতীম সংগঠন ও ঢাকার দলীয় সংসদ সদস্যদের সঙ্গে ১৪ দলের এক বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জামায়াত নেতা সোবহানের রায়ে আমরা (১৪ দল) স্বস্তি পেয়েছি। এই রায়ে জনমনে স্বস্তি এসেছে। এ রায়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ট্রাইব্যুনালকে ১৪ দলের পক্ষ থেকে অভিনন্দন জানাই।

জতিসংঘের মহাসচিব বান কি মুন দুই নেত্রীকে (শেখ হাসিনা ও খালেদা জিয়া) সংলাপে বসার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন। ওই চিঠির আহ্বানে সাড়া দিয়ে ক্ষমতাসীনরা সংলাপে বসবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, অনেকে অনেকভাবে আশা প্রকাশ করতে পারে। আমরা আমাদের সিদ্ধান্তে অটল। যারা দানবের মত মানুষের ওপর হামলা করে তাদের সঙ্গে কোনো সংলাপ হবে না। সংলাপের প্রশ্নই আসে না।

সারাদেশে ‘কথিত বন্দুক যুদ্ধের নামে সাধারণ মানুষও হত্যা হচ্ছে’এ বিষয়ে ১৪ দলের অবস্থান কি? জানতে চাইলে তিনি বলেন, ‘আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবেই। তারা আগে থেকেই বলে আসছে আক্রান্ত হলে গুলি করবে।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, স্বাস্থ্য বিষায়ক সম্পাদক বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু, তথ্য সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, মহিলা সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা, ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াসহ ১৪ দলের নেতৃবৃন্দ।

এমআর/ইআর