ঈদে দুর্ভোগ কমাতে মন্ত্রীর নিজের মোবাইলে যাত্রীদের কল দেয়ার আহ্বান জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ঈদে দুর্ভোগে পড়লে আমাকে ফোন দিবেন।

শনিবার দুপুর দুটায় আসন্ন ঈদে নৌপরিবহনের প্রস্তুতি দেখতে মাদারীপুরের শিবচরের কাওরাকান্দি ঘাট পরিদর্শনকালে মন্ত্রী যাত্রীদের প্রতি এ আহ্বান জানান। এসময় মন্ত্রী ঘাটের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন।

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, যাত্রীদের দুর্ভোগ কমাতে মাওয়া-কাওরাকান্দির উভয় ঘাটে প্রশাসন ছাড়াও বিভিন্ন সংস্থার লোকজন থাকবে। এছাড়াও দুর্ভোগ বা ভোগান্তিতে পড়লে যাত্রীরা আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারেও কল দিবেন অথবা আমাদের কন্ট্রোল রুমেও যোগাযোগ করতে পারবেন।

নৌমন্ত্রী আরো বলেন, আসন্ন দুটি ঈদই বর্ষা মৌসুমে পড়েছে। বর্ষার প্রবল ¯্রােতে যাতে ফেরি চলাচল স্বাভাবিক থাকে সেজন্য শক্তিশালী টাগ জাহাজ সংযোজন হবে ফেরি রুটগুলোতে। আর স্পিডবোটের প্রত্যেক যাত্রীর জন্য লাইফ জ্যাকেট ও প্রতিটি স্পিডবোটে একটি করে বয়া রাখার বাধ্যবাধকতা করা হয়েছে। এই নিয়মের ব্যতয় ঘটালেই সেই স্পীডবোট বন্ধ করে দেয়া হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জামালপুরের বাহাদুরাবাদ-গাইবান্ধার বালাসী, শরীয়তপুর-বরিশালের মুলাদী, পিরোজপুর, পাবনাসহ দেশে আরো ৬ টি নতুন ফেরি রুট চালুর প্রক্রিয়া চলছে। নতুন নতুন ফেরি নির্মাণ চলছে। নতুন ফেরি আসলে মাওয়া-কাওরাকান্দি রুটের পুরাতন ফেরিগুলো সরিয়ে নেয়া হবে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইকবাল হোসেন, বিআইডব্লিউটিসি’র সহকারী ব্যবস্থাপক এমএ বাতেন প্রমুখ।

ঢাকা, ১৯ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস