গণসংহতি আন্দোলনের  প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, বর্তমানে আমরা যে রাষ্ট্রে বাস করছি তাতে কোনো জননিরাপত্তা নেই। রাষ্ট্রে প্রতিনিয়ত বিচার বহির্ভূত হত্যাকান্ড হচ্ছে। আর এসব হত্যাকান্ডে সরকার প্রত্যক্ষভাবে মদদ দিচ্ছে।
বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে গণসংহতি আন্দোলনের আয়োজনে  গুম-খুন-অপহরণ ও বিচার বহির্ভুত হত্যাকান্ড বন্ধের দাবিতে গণঅবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন, গুম-খুনের বিরুদ্ধে শুধী সমাজের মানববন্ধনের মত গণসংহতি আন্দোলনের অবস্থান কর্মসূচিতেও বাধা দিয়েছে পুলিশ।
[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1399460950.jpg[/img]
তার আগে গণসংহতি আন্দোলনের কর্মীরা সাড়ে দশটার দিকে কর্মসূচি শুরু করতে গেলে এই বাধার সম্মুখিন হয়। এ সময় গণসংহতি আন্দোলনের কর্মীরা কাফনের কাপড় পড়ে এই অবস্থান কর্মসূচিতে অংশ নেয়।
বাম এই নেতা বলেন, গুম-খুনের বিরুদ্ধে আন্দোলন না করা গুম-খুনের চেয়েও বড় অপরাধ। যারা এখন গুম-খুন দেখেও প্রতিবাদ করে না তারাই একদিন এসব গুম-খুনের শিকার হবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি উচ্চারণ করে গণসংহতির এ নেতা বলেন, আজ আপনি গুম-খুনের যে অপসংস্কৃতি চালু করছেন। একদিন এই গুম-খুনের শিকার আপনিও হবেন। প্রকৃতি কাউকে ছাড় দিবে না।  
পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, কর্মসূচিতে বাধা দিয়ে ক্ষমতাকে টিকিয়ে রাখা যাবে না। যতই বাধা দিবেন আন্দোলন ততই বেগবান হবে।
সাকি বলেন, যিনি সন্ত্রাসীদের গডফাদার, যার বিরুদ্ধে নারায়ণগঞ্জের হত্যাকান্ডের অভিযোগ উঠেছে, সেই শামীম ওসমান, যার আজ জেলে থাকার কথা থাকলেও তিনি এখন টেলিভিশনে গিয়ে সরকার ও নিজের পক্ষে সাফাই গাইছেন।
গণঅবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ছাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ঢাকা বিশ্বদ্যিালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আহমেদ কামাল, বাম মোর্চার সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ আহমেদ প্রমুখ।
[b]ঢাকা,আইএইচ, ৭ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]