বর্তমান সরকারকে গণতান্ত্রিক দাবি করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, পৃথিবীর কোথাও নাশকতা ও আতঙ্ক ছড়িয়ে গণতন্ত্রকে নির্মূল করা যায়নি। বরং গণতন্ত্রের কাছে সন্ত্রাস ও নৈরাজ্য নির্মূল হয়েছে।
সোমবার দুপুরে রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত বলেন, অবরোধের নামে বিএনপি-জামায়াতের সহিংসতা রোধে কেবল আইন শৃঙ্খলা বাহিনী নয়, আপামর জনসাধারণকে দলমত নির্বিশেষে মাঠে নামতে হবে। পেট্রল বোমার কাছে গণতন্ত্র আত্মসমর্পণ করতে পারে না।
খালেদা জিয়ার প্রতি আহবান জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, অবিলম্বে এই সব নাশকতা বন্ধ করে গণতান্ত্রিক আন্দোলনে ফিরে আসুন। অন্যথায় জনরোশের মুখে আপনারা পরাজিত হবেন।
তিনি বলেন, সভা-সমাবেশ করার অধিকার সকলেরই রয়েছে কিন্তু সেটি হতে হবে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ। তবে সমাবেশের নামে সহিংসতা করলে সেটা তো মেনে নেয় যায় না।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ড. ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক ব্যারিষ্টার জাকির আহমেদ, সাম্যবাদী দলের কান্দ্রীয় নেতা হারুন চৌধুরী, সংগঠনের মহাসচিব হুমায়ূন কবির মিজি সহ প্রমূখ।
এমআর/কেএইচ





