বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, ক্ষমতা হারানোর ভয়ে প্রধানমন্ত্রীসহ মন্ত্রী-এমপিরা কূরুচিপূর্ণ বক্তব্য রাখছেন। কারণ তারা জানেন তাদের পায়ের নিচে মাটি নেই, যেকোনো সময় তাদের ক্ষমতা ছাড়তে হবে।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে অল কমিউনিটি ফোরাম আয়োজিত ‘বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং প্রতিবেশি রাষ্ট্রের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মাহবুব হোসেন বলেন, সংবিধানে উল্লেখ আছে জনগণের রায় নিয়ে সংসদ গঠিত হবে। কিন্তু বর্তমান আওয়ামী  লীগ সরকার জনগণের রায় নিয়ে সংসদ গঠন করেননি। ফলে এই সরকার হচ্ছে সংবিধান পরিপস্থি একটি অবৈধ সরকার।
সরকারের পতনের সময় ঘনিয়ে এসেছে মন্তব্য করে তিনি বলেন, সাদা পোশাকধারী কতিপয় কিছু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা দখল করেছে। কিন্তু আমি তাদেরকে বলতে চাই বেআইনি কোন কিছু দীর্ঘস্থায়ী হয় না। খুব শীঘ্রই জনগণের  গণবিস্ফোরণে আপনাদের পতন নিশ্চিত  হবে।
সরকারকে উদ্দেশ্য করে মাহাবুব বলেন, দেশের জনগণ ও বিদেশীদের দাবি মেনে নিয়ে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন, অন্যথায় আপনাদের অস্তিত্ব সংকটের মধ্য পড়বে।  
আয়োজক সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক এমপি সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, বিশিষ্ট কণ্ঠ শিল্পী মনির খান প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ১৫ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম) // কেএইচ[/b]