প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানকে ফের পাঁচ দিনের রিমান্ডে দিয়েছে আদালত।

শফিক রেহমানকে প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে শুক্রবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে।

শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।

রিমান্ড মঞ্জুরের আগে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক জালাল আহমেদ বলেন, ‘শফিক রেহমানের বাসা থেকে এফবিআইয়ের নথি উদ্ধারের কথা জানিয়ে রিমান্ড আবেদনে বলা হয়েছে, উনি জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করছিলেন। কোন কোন বিএনপি নেতা ওই ষড়যন্ত্রে জড়িত- তা জানতে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।’

জয় সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য এক এফবিআই এজেন্টকে ঘুষ দেওয়ার অপরাধে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে প্রবাসী জাসাস নেতা মোহাম্মদ উল্লাহ মামুনের ছেলে রিজভী আহমেদ সিজারের কারাদণ্ড হয়।

ওই ঘটনাটি নিয়ে ২০১৫ সালের ৩১ মে ঢাকার পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশ, যা পরে মামলায় রূপান্তরিত হয়। ওই মামলাতেই গত শনিবার শফিক রেহমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

জয়কে অপহরণের চক্রান্তে জড়িত থাকার মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কারাবন্দী মাহমুদুর রহমানকে গত ১৮ এপ্রিল গ্রেপ্তার দেখানোর আবেদন জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। আদালত মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানির জন্য ২৫ এপ্রিল দিন ধার্য করেছে।

তবে জয় অপহরণ মামলাকে ‘কল্পকাহিনী’ দাবি বিএনপি শফিক রহমান এবং মাহমুদুর রহমানের অবিলম্বে মুক্তি চেয়েছে।

এম আর