বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়ে বানী দিয়েছেন।

রোববার বিকালে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বানীতে তিনি বলেন, “পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচছা ও মোবারকবাদ। ঈদ মুবারক। ”

খালেদা জিয়া আরও বলেন, ‘ব্যক্তি জীবনকে সুন্দর, পরিশুদ্ধ ও সংযমী করে গড়ার লক্ষে মোমিন মুসলমানেরা মাসব্যাপী সিয়াম সাধনার পর অনাবিল আনন্দের বার্তা নিয়ে ঈদুল ফিতর সমাগত।’

বানীতে তিনি আরও বলেন, ‘বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় উৎসব ঈদুলফিতর। আর ঈদুল ফিতরের উৎসবে সমাজের সকল ভেদরেখা ও সীমানা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলন ঘটায় ও সৃষ্টি করে পরষ্পরের প্রতি আন্তরিক শুভেচ্ছাবোধ।

ধনী-গরিব, উচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে দাঁড় করায়। হানাহানি, হিংসা,বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে এক স্বর্গীয় শান্তি ও সম্প্রীতির চেতনা দান করে ঈদুল ফিতরের উৎসব। তাই উৎসবের এই দিনে প্রতিটি মুসলমান নর-নারী সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ হয়ে আনন্দকে একত্রে উপভোগ করতে হবে।’

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘ঈদুল ফিতর নির্মল আনন্দ উৎসবের মধ্যদিয়ে দিয়ে একটি গুরুত্বপূর্ণ মর্মবাণী মানবজাতির কাছে পৌছে দেয় তা হচ্ছে ‘সকলের তরে সকলের আমরা’। এর এই মর্মবাণী সামাজিক কদর্য, অন্যায় ও নিষ্ঠুর অসাম্য কে অতিক্রম করে এক নিবিঢ় ভাতৃত্ববোধের প্রেরণা জাগায়। আর এই প্রেরণায় উদ্দীপ্ত হয়ে সমাজের অপেক্ষাকৃত দরিদ্র, অবহেলিত ও বঞ্চিত মানুষের প্রতি সাহায্য ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়া মুসলমান হিসাবে আমাদের কর্তব্য।’

তিনি বলেন, ঈদুল ফিতরের এই দিনে মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারে মোনাজাত করি বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য।

ঢাকা, এমএইচ, ২৭ জুলাই (টাইমনিউজবিডি.কম), এএইচ