২০ দলীয় জোটের ঘোষিত অনির্দিষ্টকালের অবরোধের পঞ্চম দিনে রাজধানী বিজয় স্বরণি, তেজগাও, মিরপুর-১, পুরান ঢাকার নারিন্দা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে অবরোধের সমর্থনে মিছিল ও পিকেটিং হয়েছে।
শনিবার সকাল ৯ টায় বিজয় স্বরণি মোড়ে একটি গাড়িতে আগুন এবং কমপক্ষে ১০-১২ টি গাড়ি ভাংচুর করে দুর্বৃত্তরা।
এছাড়া, সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর তেজগাঁও মহিলা কলেজের সামনে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অমূল্য বর্মণ নামের এক ব্যক্তি অগ্নিদগ্ধ হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তেজগাঁও থানার এসআই রমজান আলী জানান, যাত্রাবাড়ী থেকে ৮ নং পরিবহণের একটি বাস গাবতলী যাচ্ছিল। অমূল্য বর্মণ পল্টন থেকে সে বাসে ওঠেন। বাসটি তেজগাঁও মহিলা কলেজের সামনে পৌঁছলে দুর্বৃত্তরা এতে আগুন দেয়। এতে অমূল্য বর্মণ অগ্নিদগ্ধ হন।
অমূল্য বর্মণ পেশায় রিকশাচালক। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ হতাহত হননি। কাউকে আটকও করা যায়নি।
এদিকে অবরোধের সমর্থনে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার নারিদ্র এলাকায় এ মিছিল করে সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া, রাজধানীর চকবাজারে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে শিবির কর্মীরা।
সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা মহানগর পূর্ব শাখার শিবির নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটায়।
পূর্ব শাখা শিবিরের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামের নেতৃত্বে মিছিলে অর্থ-সম্পাদক তোজাম্মেল হক, প্রচার সম্পাদক আবদুল কাদের, চকবাজার থানা শিবির সভাপতি হেলাল উদ্দীন, ঢাকা আলীয়া মাদ্রাসা শিবিরের সভাপতি রেদওয়ান উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, অবরোধের পঞ্চম দিনে সকাল ৭টার দিকে রাজধানী মিরপুর-১ নম্বর বিক্ষোভ-মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এসময় তারা রাস্তায় আগুন ধরিয়ে দেয়।
অন্যদিকে একইসময়ে পল্লবীতে সকাল সাড়ে ৭টায় জামায়াত-শিবির বিক্ষোভ-মিছিল করেছে।
ইআর





