স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিগত ৬৫ বছরে আওয়ামী লীগের অনেক অর্জন রয়েছে। তবে আরো অনেক অর্জন এখনো বাকি রয়েছে। আওয়ামী লীগ এ অর্জনের ধারাবাহিকতা রক্ষা করবে, আগামীতে আরও অর্জন করবে।
আজ সোমবার ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এসব কথা বলেন সৈয়দ আশরাফ।
এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন, সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবীর নানক, ড. হাছান মাহমুদ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, যু্বলীগ চেয়ারম্যান উমর ফারুক চৌধুরী প্রমুখ।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, যার অতীত সুখ্যাতি রয়েছে। ৬৫ বছরের ইতিহাসে আওয়ামী লীগ বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, সত্তরের নির্বাচন, একাত্তরের নির্বাচনে বলিষ্ঠ নেতৃত্ব দেয়। এই অর্জনের ওপর ভিত্তি করেই বাংলাদেশ গঠিত হয়েছে। ভবিষ্যত বাংলাদেশ গঠনেও আওয়ামী লীগ আরও অর্জন করবে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আগামীতে আরো এগিয়ে যাবে। আগামী প্রজন্ম আওয়ামী লীগকে আরো এগিয়ে নিয়ে যাবে।
এর আগে সকাল ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি দলীয় সভানেত্রী হিসেবে দলের নেতা-কর্মীদের নিয়ে প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
আওয়ামী লীগ আজ বেলা সাড়ে ৩টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধানমন্ডির ৩২ নম্বর সড়ক পর্যন্ত গণশোভাযাত্রার আয়োজন করেছে।
ঢাকা, ২৩ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





