দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ করলেই সরকার চন্দ্রমূর্তি নিয়ে নেতাকর্মীদের ওপর হামলা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর এ অভিযোগ করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, আপনারা দেখেছেন- এই দুইদিনের মধ্যে ডিমের হালি ৫৫ টাকা হয়েছে। প্রতিটি খাদ্যপণ্যে শাক-সবজি, মুশরির ডাল, চাল প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। দ্রব্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কি প্রতিবাদ করা অন্যায়? এই মূল্যবৃদ্ধি হলে একটা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা হচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদ করা, জনগণকে সংগঠিত করা-কেন আজকে খাদ্যপণ্যের দাম বাড়ছে?

তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামবৃদ্ধির বিরুদ্ধে যখনই আমরা কথা বলতে যাচ্ছি, তখনই সরকার তার চন্দ্রমূর্তি নিয়ে আবির্ভূত হচ্ছে। নিপীড়ন-নির্যাতনের সব মাত্রা তারা নামিয়ে নিয়ে আসছে বিএনপির নেতাকর্মীদের ওপরে।

রিজভী বলেন, আপনারা দেখেছেন, সেখানে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী কি নির্মমভাবে আক্রমণ করছে প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে। গতকালও নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল করার সময়ে সেখানে হামলা করা হয়েছে। প্রতিদিন আপনারা দেখবেন শুধু রক্তপাতের ঘটনা, শুধু বিএনপির নেতাকর্মীদের ওপর বর্বরোচিত আক্রমণের ঘটনা।

তিনি আরও বলেন, এসব ঘটনা করে তারা ক্ষান্ত দেয়নি। এই আক্রমণে অনেকে আহত হয়েছে, কারো চোখ চলে যাচ্ছে, কেউ পঙ্গুত্ব বরণ করেছে। আপনারা জানেন, তিনজনের জীবন কেড়ে নেওয়া হয়েছে। এর ওপরে তাদের মিথ্যা মামলা দেওয়া হয়েছে। শত শত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আজকে শত শত নেতাকর্মী ঘরছাড়া, মহল্লাছাড়া, গ্রামছাড়া, এলাকাছাড়া। অথচ এই অবস্থার মধ্যে তারা দিনাতিপাত করছে। তারা কী অন্যায় করেছে?

জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত কমিটির আহ্বায়ক রুমা আকতার ও সদস্য সচিব নাসিমা আকতার কেয়ার নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে বেলা ১১টায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী। এরপর প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষকে ক্ষুধায় রেখে, অনাহারে রেখে, তাদেরকে তীব্র একটা দুর্ভিক্ষ অবস্থার মধ্যে ফেলে আজকে প্রধানমন্ত্রী ভারত সফর করছেন। আমার বক্তব্য হচ্ছে, আপনি সেখানে গিয়ে তো এখনো তিস্তা চুক্তি করতে পারেননি, আপনি এখনো আমাদের অভিন্ন নদীগুলোর ন্যায্য হিস্যা বা পাওনা আদায় করতে পারেননি। আজকে জোর করে অবৈধভাবে ক্ষমতায় আছেন, অথচ আমাদের ন্যায্য হিস্যার কথা আপনি একবারও বলেননি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে রিজভী বলেন, আপনি কি ক্ষমতায় থাকার জন্য যেটি আপনার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন সেজন্য দেন-দরবার করতে সেখানে গেছেন। এই দেন-দরবার করতে গিয়ে আপনি বাংলাদেশেরর সার্বভৌমত্ব কতটুকু বিক্রি করছেন, এটাই এখন দেখার বিষয়। এটাই জনগণ চেয়ে আছেন যে, প্রধানমন্ত্রী এখন কী করছে? কতটুকু সার্বভৌমত্ব বিক্রি করে অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন।

এ সময় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান উপস্থিত ছিলেন।

এবিএস