ভারতের ভিসা পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ। শিলং সিভিল হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন স্বামীকে দেখতে আজ রাতেই ভারতের উদ্দেশে রওনা দিবেন তিনি। প্রথমে তিনি কলকাতা যাবেন।
আগামীকাল সকালে শিলংয়ের উদ্দেশে রওনা দেবেন। শিলং এ অবস্থানরত বিএনপি নেতা আবদুল লতিফ জনি এ তথ্য জানিয়েছেন। দুই মাস ধরে নিখোঁজ সালাহউদ্দিন আহমেদের সন্ধান মিলে গত মঙ্গলবার। শিলংয়ের একটি মানসিক হাসপাতাল থেকে ফোন করে স্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমেদের বরাতে তার ঘনিষ্ঠজনরা জানিয়েছিলেন, তাকে দুই মাস ধরে একটি কক্ষে আটক রাখা হয়। পরে চোখ বেঁধে কয়েক দফায় গাড়ি বদল করে তাকে ভারত নিয়ে যাওয়া হয়। সোমবার সালাহউদ্দিন আহমেদকে শিলং নিয়ে ছেড়ে দেয়া হয়।
এএইচ





