একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে জাতীয় পার্টির (জাপা) মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
আজ (১১ নভেম্বর) রোববার রাজধানীর গুলশানের ইমানুয়েলস মিলনায়তনে জাপা চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ মনোনয়নপত্র গ্রহণ করে কার্যক্রমের উদ্বোধন করেন।
এছাড়া, পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ পার্টির শীর্ষ নেতারা মনোনয়নপত্র গ্রহণ করবেন আজই।
দলীয় মনোনয়ন সংগ্রহ করতে সকাল থেকেই পার্টির তৃণমূল নেতারা লাঙল, ব্যানার ও ফেস্টুন নিয়ে গুলশান-১ এর ইমানুয়েলস মিলনায়তনের সামনে উপস্থিত হয়েছে। এসময় তারা আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন প্রার্থীদের নামে স্লোগান দিয়ে উৎসবমূখর পরিবেশ সৃষ্টি করে। এছাড়া, বিভিন্ন এলাকা থেকে আগত প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে শোডাউন করে ইমানুয়েলস মিলনায়তনে এসেছেন।
আজকের মনোনয়ন বিতরণ বিকেল ৫টা পর্যন্ত ইমানুয়েলস মিলনায়তনেই চলবে। বাকী দু’দিন ১২ ও ১৩ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাপা চেয়ারম্যানের বনানী কার্যলয়ে মনোনয়নপত্র বিতরণ চলবে।
আর ১৪ নভেম্বর মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করবেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ -এর নেতৃত্বে জাতীয় পার্টির পার্লামেন্টারী বোর্ড।
এমবি





