বিচারপতিদের অপসারণ বিল আগামী ১৭-১৮ সেপ্টেম্বর জাতীয় সংসদে পাশ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং আইন বিচার ও সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।
সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
তিনি বলেন, বিচারপতিদের মর্যাদা সমুন্নত রাখতে ও তাদের ভাবমূর্তি উজ্জল করতেই সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে আমরা ৭২-এর সংবিধানে ফিরে যাচ্ছি।
সুরঞ্জিত বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাকিস্তানী স্টাইলে সুপ্রীম জুডিসিয়াল কাউন্সিলের মাধ্যমে ২ জন বিচারপতির রিপোর্টের ভিত্তিতে বিচারপতিদের অপসারণ করেছেন। এটাকে বাতিল করে বিচারপতিদের আরও অধিকতর গণতান্ত্রিক ভাবে অপসারণের জন্যই আমরা সংবিধানে ষোড়শ সংশোধনী করছি।
আওয়ামী লীগের এ নেতা বলেন, ৭২-এর সংবিধান প্রনেতারা ড.কামাল হোসেন ও ব্যরিষ্টার আমীরুল ইসলাম বিচারপতিদের অপসারনের ব্যপারে বিচার-বিশ্লেষণ না করে যুদ্ধাপরাধীদের সঙ্গে মিলে বলছে ‘গেল রে সব গেল’।
আয়োজক সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধুরী, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।
ঢাকা, এমআর, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





