স্বল্পকালীন অথবা নিয়মিত ছাত্রদের দিয়ে ছাত্রদলের কমিটি গঠনের দাবি জানিয়েছে সংগঠনটির বিলুপ্ত কমিটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। তাদির দাবি,“৬ মাসের জন্য একটি স্বল্পকালীন কমিটি গঠন করা হোক। অথবা নিয়মিত ছাত্রদের দিয়ে কমিটির গঠন করা হোক।”
আজ (২২ জুন) শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির একাংশের নেতারা এই দাবি জানান।
লিখিত বক্তব্যে বিলুপ্ত কমিটির সহ-সভাপতি ইকতিয়ার রহমান কবির বলেন, দেশের কোনো ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটি নিয়মিত ছাত্রদের দিয়ে গঠিত হয় না। এর মধ্যে ছাত্রদলের নেতৃত্বের বয়স অপরাপর ছাত্র সংগঠনের তুলনায় তুলনামূলক ভাবে একটু বেশি।
তিনি বলেন, ২ বছর মেয়াদী কমিটি ৫ বছর চললেও পার্টি কর্ণপাত করল না। তবু দুই বছরের কমিটির মেয়াদ প্রায় ৫ বছর অতিবাহিত হওয়ায় আমরা ৬ মাসের জন্য একটি ধারাবাহিক কমিটির আবেদন তারেক রহমানের কাছে করেছিলাম।
সহ-সভাপতি এজমল হোসেন পাইলট বলেন, “আমাদের দাবি ৬ মাসের জন্য একটি স্বল্পকালীন কমিটি গঠন করা হোক। অথবা নিয়মিত ছাত্রদের দিয়ে কমিটির গঠন করা হোক। ২০০০ সালের এসএসসির বাধ্যবাধকতা তুলে দিতে হবে। কারণ ২০০০ সালে এসএসসি পাস করা একজন ছাত্রের আনুমানিক বয়স ৩৫ বছর।
তার মাত্র ২-৩ বছর আগে ৯৮/৯৭/৯৬ সালে এসএসসি পাস করা সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি ও যুগ্ম-সম্পাদকরা রয়েছেন। ৩৫-৩৬ বছর বয়সে ছাত্রদল করা গেলে ৩৭-৩৮ বচর বয়সে কেন করা যাবে না?”
তিনি বলেন, এই বয়স নির্ধারণের সঙ্গে গভীর ষড়যন্ত্র রয়েছে। সবাইকে বাদ দিয়ে সিন্ডিকেটের ব্যক্তি কেন্দ্রিক বয়স নির্ধারণ ছাত্রদলের লাখো লাখো নেতাকর্মী মোটেও মেনে নিতে পারছে না।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি জহির উদ্দিন তুহিন বলেন, আমাদের দাবি পূরোনের জন্য ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। আগামীকাল আমাদের কর্মসূচি স্থগিত থাকবে। এর মধ্যে দাবি পূরোন না হলে সোমবার থেকে আবার আমাদের অবস্থান কর্মসূচি অব্যহত থাকবে।
সংবাদ সম্মেলনে ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতাদের একাংশ উপস্থিত ছিলেন।
এমবি





