বর্তমান গণতান্ত্রিক সরকারকে অন্যায়ভাবে উৎখাত করে ক্ষমতায় যেতে বিএনপি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে নিয়ে চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর ৩৫তম স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এ সভার আয়োজন করে আওয়ামী লীগ।
তোফায়েল বলেন, সব চক্রান্ত করে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা এখন দিশেহারা। নতুন করে তারা ক্ষমতায় যেতে চক্রান্তে লিপ্ত হচ্ছে। আর এই চক্রান্তে তারা সহযোগী হিসেবে ব্যবহার করতে চায় বিশ্বেও সবচেয়ে ঘৃণিত ভাড়াটে খুনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে। কিন্তু তাদের এই চক্রান্ত কোনোভাবেই সফল হবেনা।
প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে তিনি বলেন, শেখ হাসিনার সেদিন দেশে প্রত্যাবর্তন ও তার হাতে আওয়ামী লীগের পতাকা তুলে দেওয়া আমাদের সঠিক সিদ্ধান্ত ছিলো। তার দক্ষ নেতৃত্বে গুণে আজ তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজনৈতিক নেতা ও রাষ্ট্রনায়ক।
প্রধানমন্ত্রীর সমস্ত সিদ্ধান্ত ঐতিহাসিক, যুগোপযোগী ও জনকল্যাণমূলক। তার ঘোষিত ভিশন ২০২১ ও ২০৪১ আজ দেশ-বিদেশে প্রশংসিত হচ্ছে। শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ আজ শুধু স্বপ্ন নয় বাস্তব বলেন আওয়ামী লীগের এই প্রবীণ নেতা।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- দলটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এ্যাডভোকেট সাহারা খাতুন, নূহ উল আলম লেলিন, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল(অব:) ফারুক খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, রেলপথ মন্ত্রী মুজিবুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাংবাদিক ও কলামিস্ট আবেদ খান, অর্থনীতিবিদ খালেকুজ্জমান, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসেইন প্রমুখ।
এমআইএস





