বর্তমান আওয়ামী লীগ সরকারের সময় পাঁচজন সরকারি কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশনে নুরজাহান বেগমের লিখিত প্রশ্নের জবাবে একথা বলেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
জনপ্রশাসনমন্ত্রী জানান, বিগত বিএনপি সরকারের সময় ৪২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে এবং বর্তমান সরকারের আমলে পাঁচজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে।
মাহমুদ উস সামাদ চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, সরকারি চাকরিতে চুক্তিভিত্তিক নিয়োগ অব্যাহত রাখার প্রয়োজনীতা এখনও থাকায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রথা বাতিল করার কোন পরিকল্পনা আপাতত সরকারের নেই।
তিনি জানান, বিশেষায়িত পদে এবং যে সব সংস্থায় কারিগরি জ্ঞানসম্পন্ন জনবল সংকট রয়েছে, সে সব সংস্থায় উপযুক্ত অবসরপ্রাপ্ত সামরিক, বেসামরিক কর্মকর্তা/কর্মচারী এবং বেসরকারি ব্যক্তিবর্গের মধ্য হতে বিশেষ যোগত্যসম্পন্ন ব্যক্তিবর্গকে সরকার জনস্বার্থে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করে থাকে।
এছাড়া প্রশাসনিক ও মামলা সংক্রান্ত জটিলতার কারণে যে সব দপ্তর/সংস্থায় দ্রুত জনবল নিয়োগ করা সম্ভব হয় না, সে সব দপ্তর/সংস্থায়ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা/কর্মচারীবৃন্দকে চুক্তিভিক্তিক নিয়োগের মাধ্যমে জনবল সংকট নিরসন করে সরকারি কাজের ধারাবাহিকতা রক্ষা করা হয়।
কেএইচ





