আগামী এক সপ্তাহের মধ্যে অবরোধের নামে গাড়িতে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপকারীদের ঠাণ্ডা করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মুক্তিযোদ্ধা চিকিৎসক পরিষদ ও মুক্তিযোদ্ধা চিকিৎসক কমান্ড আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, গোয়েন্দা সংস্থার রিপোর্টে জানাগেছে 'প্রথম টার্গেট হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে' হত্যার পরিকল্পনা করেছে নাশকতাকরীরা। তারা প্রধানমন্ত্রীকে হত্যার মাধ্যমে যুদ্ধাপরাধীদের চলমান বিচারকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। তবে এ ধরনের নাশকতাকারীদের মোকাবিলা করতে সরকার প্রস্তুত রয়েছে।

সংগঠনের আহবায়ক অধ্যাপক ডা. মো. সিরাজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, মহাসচিব সাবেক এমপি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান প্রমুখ।

একে