অর্থনীতিবিদ ও তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেছেন, ‘সরকারের দৃষ্টি থাকলে এ দুর্ঘটনা ঘটত না। সুন্দরবনের প্রতি সরকার গুরুত্ব দিচ্ছে না বলেই এমন দুর্ঘটনা ঘটেছে।’
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিজ্ঞান আন্দোলন মঞ্চ আয়োজিত সুন্দরবন রক্ষায় দেশব্যাপী ‘লাখো গণস্বাক্ষর সংগ্রহ অভিযান’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আনু মুহাম্মদ বলেন, ‘এ দুর্ঘটনায় ইউএনডিপির রিপোর্টে সরকারের ভূমিকার প্রশংসা করা হয়েছে। অথচ এ ক্ষেত্রে সরকারের কোন ভূমিকাই নেই। কিন্তু সরকারের হস্তক্ষেপেই প্রশংসা করা হয়েছে। সুন্দরবনের তেল উত্তোলন করেছে এলাকাবাসী।’
অনুষ্ঠানে সুন্দরবনের ভেতর দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধসহ সুন্দরবন ধ্বংসকারী সকল প্রকল্প বাতিলের দাবি জানান বক্তারা।
এ সময় সুন্দরবনে তেল ছড়িয়ে পড়ার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।
বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সমন্বয়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক স্থপতি সুব্রত সরকারের পরিচালনায় কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহসহ অন্য নেতারা।
ইআর





