ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি সালেহা মোশাররফ ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার রাত রাত ১টার দিকে ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।
১৯৯৬ সালে ফরিদপুর-৪ (সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে ও ২০০৯ সালের সংরক্ষিত মহিলা আসন থেকে তিনি আওয়ামী লীগের এমপি নির্বাচিত হয়েছিলেন।
তার স্বামী প্রয়াত অ্যাডভোকেট মোশাররফ হোসেন ওই আসন থেকে চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
মৃত্যুকালে সালেহা মোশাররফ তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি ফরিদপুরের সদরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে গেছেন।
তার ছেলে অ্যাডভোকেট শাহেদীদ গামাল লিপু জানান, শুক্রবার চরভদ্রাসন উপজেলার পাইলট হাই স্কুল মাঠে বেলা ১১টায়, বাদ জুম্মা সদরপুর উপজেলা স্টেডিয়ামে এবং বাদ আসর ফরিদপুর রেড ক্রিসেন্ট চত্বরে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
পরে শহরের আলীপুর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
সাবেক এই এমপির মৃত্যুতে ফরিদপুর-২ আসনের এমপি ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ফরিদপুর-৩ আসনের এমপি ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুর-১ আসনের এমপি আব্দুর রহমান, ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান নিক্সন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, ফরিদপুর জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপিসহ বিভিন্ন সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছে।
ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





