জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও রমনা থানা আমীর ডঃ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন,ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে নির্যাতিত,বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই কুরআন নাযিল হয়েছে। কিন্তু এই কুরআনের আইন আমাদের রাষ্ট্রে চালু করা বাদ দিয়ে আমরা কুরআন থেকে অন্যান্য ফায়দা নেয়ার চেষ্টা করছি। এজন্য বিশ্বব্যাপি মুসলমানদের অধিকার রক্ষায় আলেমদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার রাজধানীর মগবাজারে রমনা থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. করিম আরো বলেন,এই সরকার ক্ষমতায় আসার পর এদেশের আলেম-ওলামা,দাঁড়ি-টুপি,মসজিদ-মাদরাসা,বোরকা এবং ইসলাম পন্থীদের উপর সবচেয়ে বেশি জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। অথচ রাসূলের যোগ্য উত্তরসূরী হিসেবে এদেশে সন্ত্রাস,দুর্নীতি,জঙ্গিবাদসহ সকল অপকর্ম রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই আলেম সমাজ।

তিনি বলেন,এই সরকার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম মাওলানা মতিউর রহমান নিজামী,আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী এবং মাওলানা আব্দুস সোবহানসহ শীর্ষ নেতৃবৃন্দকে তথাকথিত যুদ্ধাপরাধের নামে অন্যায়ভাবে হত্যা করার মাধ্যমে ইসলাম ও ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ণ করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

এই সরকারের সকল ষড়যন্ত্রকে রুখে দিতে হবে এবং এদেশের সকল আলেম-ওলামা ও পীর-মাশায়েখদেরকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার আহবান জানান।

তিনি বলেন,গাজায় বর্বর ইসরাইলী বাহিনী ফিলিস্তিনের নারী,শিশু, অবাল বৃদ্ধ-বণিতাদেরকে হত্যা করার পরেও গোটা মুসলিম বিশ্ব কোন কার্যকর ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে।

তাই ইসরাইলের এই অনৈতিক হত্যাকান্ডের বিরুদ্ধে আজ মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান।

রমনা থানা থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য জিল্লুর রহমান পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,মাওলানা সালেহ সিদ্দিকী,মাওলানা জাহাঙ্গীর হোসেন ও মাওলানা বশির আহমেদ প্রমুখ।

ঢাকা, কেএ, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ