বর্তমান সরকারের আমলে কোন অপরাধী ছাড় পাবে না জানিয়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিশ্বজিৎ হত্যাসহ অন্যান্য বিচার যেমন হয়েছে আইনের নিজস্ব ধারায়, ঠিক তেমনি ভাবে যারা দেশে বিভিন্ন সময় বর্বরতা, পৈশাচিকতা চালিয়েছে তাদের বিরুদ্ধেও সরকার অবশ্যই বলিষ্ঠ পদক্ষেপ নিবে।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ আয়োজিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ৫ জানুয়ারি বা পরবর্তী সময়ে দেশে যারা বর্বরতা চালিয়েছে তারা যত বড়ই নেতা হন বা অর্থ যোগানদাতা হন, তাদের সবাইকে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে। এতে কেউ ছাড় পাবে না।

আলোচনা সভায় অংশ নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার স্মৃতি চারণ করে বলেন, ফজিলাতুন্নেসা একজন ‘মা’ তিনি দাঁড়িয়ে দেখেছেন   দুই সন্তানের লাশ সিড়িঁতে পরে থাকতে, রক্তাক্ত বঙ্গবন্ধুকেও লুটিয়ে পরে থাকতে দেখেছেন তিনি।

সেই মায়ের প্রতি আমাদের সকলের শ্রদ্ধাবোধ সবসময় থাকবেই। আমরা প্রতিটি বাংলার মানুষ বঙ্গবন্ধুর প্রতি যেমন কৃতজ্ঞ ঠিক তেমনি কৃতজ্ঞ শেখ ফজিলাতুন্নেছার প্রতিও।

সংগঠনের সভাপতি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন-বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

এমএ/ এআর