শনিবার (১৭ অক্টোবর) রাজধানীতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়।

দলটির প্রধান তিন দাবি হলো—

১. অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।

২. একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে অবিলম্বে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করতে হবে।

৩. একদলীয় সংবিধান সংশোধন কমিটিতে এনসিপি অংশ নেবে না। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

সংবাদ সম্মেলনে এনসিপির মূল বক্তব্য তুলে ধরেন দলটির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, সংসদীয় ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে সব দলের সম্মতিতে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের একটি রূপরেখা তৈরি হয়েছিল।

কিন্তু সরকার সেই প্রক্রিয়া পাশ কাটিয়ে একদলীয় সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, সরকারের এ উদ্যোগ গণভোটের রায়ের সঙ্গে চরম প্রতারণা এবং সংস্কার নস্যাতের চক্রান্ত।

এনসিপি জানায়, গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের বিষয়ে দলটির অবস্থান স্পষ্ট। তাই সরকারের গঠিত একদলীয় কমিটিতে অংশগ্রহণ নিয়ে কোনো বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক।

এস