বাংলাদেশের মৌলবাদী ধর্মীয় সংগঠনগুলো, যুদ্ধাপরাধী এবং বিভিন্ন সময় ঘাতক হিসেবে চিহ্নিত হয়েছে যারা,তাদের মাধ্যমে আল-কায়েদা বিস্তার ঘটতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

শুক্রবার দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের বাড়িতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এমন আশঙ্কা প্রকাশ করেন।

হানিফ বলেন, আল-কায়েদার যেকোনো  ধরনের তত্পরতা প্রতিরোধ ও প্রতিহত করা হবে। এ ব্যপারে সরকার তত্পর ও সজাগ রয়েছে।

তিনি বলেন, স্বাধীনতার মুক্তিযুদ্ধকে স্তব্ধ করে দেওয়ার জন্য ওই সময় জাতিসংঘে বিল উত্থাপনসহ অনেক কিছু করা হয়েছিল। তখন থেকে পশ্চিমা বিশ্বের অনেক দেশ আওয়ামী লীগের প্রতি নেতিবাচক ধারণা করে আসছে।

তিনি আরও  বলেন, যুদ্ধাপরাধের বিচারকাজ শুরু হওয়ার পরই পশ্চিমা অনেক দেশ এই বিচার বন্ধের জন্য চাপ প্রয়োগ করেছে। বারবার বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এসব দিক বিবেচনা করে তাদের ভেতর থেকে কোনো ষড়যন্ত্র এই সরকারের বিরুদ্ধে থাকতে পারে, থাকাটা অস্বাভাবিক নয়।

এ সময় শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু তৈয়ব বাদশা, জেলা ছাত্রলীগের সভাপতি আলী মর্তুজা খসরুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা, ৫ সেপ্টেমবর, টাইমনিউজবিডি.কম, এমআর