বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ও সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী বৃহস্পতিবার গাজীপুর সদর হাসপাতালে চিকিতসা নিয়েছেন। হাসপাতাল এলাকায় কড়া পুলিশি পাহারায় তিনি চক্ষুরোগ ও পিঠের ব্যথার চিকিৎসা নেন।
এসময় চিকিতসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট অথবা বারডেম হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন।
গাজীপুরের কাশিমপুর কারাগারের সুপার মো. মিজানুর রহমান জানান, বেলা ১১টায় এ কারাগার থেকে নিজামীকে গাজীপুর সদর হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়। তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি পৌনে ১২টায় দিকে হাসপাতালে পৌঁছে। পরে  হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ বিপ্লব কুমার ও অর্থোপেডিকস চিকিতসক ডা. মো. ওয়াকিল আহমেদের কাছে চিকিৎসা দেয়া হয়।
চক্ষু বিশেষজ্ঞ বিপ্লব কুমার জানান, মাওলানা নিজামীর বাম চোখে লেন্সের নিচের দিকে ময়লা (ছানি) পড়েছে। এটা পরিষ্কার করতে ইয়াগ লেজার রশ্মি প্রয়োগ করতে হবে। তার ডায়াবেটিস, হৃদরোগ ও মেরুদণ্ডে ব্যথা থাকায় তাকে উন্নত চিকিৎসা দিতে ঢাকার বারডেম অথবা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নেয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
প্রায় ঘণ্টা খানেক গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসা নেয়ার পর তাকে হাসপাতাল থেকে ফের ওই কারাগারে নেওয়া হয়।
মাওলানা মতিউর রহমান নিজামী বিভিন্ন মামলায় বর্তমানে কাশিমপুর কারাগারে আটক রয়েছেন।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]