বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে সিঙ্গাপুরের র্যাফেলস হার্ট সেন্টারে ডা. অ্যালভিন এনজি’র নেতৃত্বে একদল চিকিৎসক হান্নান শাহ’র সফল অস্ত্রোপচার করেন। তার হৃদযন্ত্রের ধমনীতে চারটি রিং বসানো (এনজিওপ্লাস্টি) হয়েছে।
হান্নান শাহর ব্যক্তিগত সহকারী মো. ইউনুস বাবুল জানিয়েছেন, হান্নান শাহ’র শারীরিক অবস্থা অনেকটা উন্নতির দিকে। হৃদযন্ত্রে রিং বসানোর পর তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়েছে।
দীর্ঘ ১০ দিন পর তিনি কথা বলেন এবং উঠে বসেন। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তার আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা করবেন চিকিৎসকরা।
গত ৬ সেপ্টেম্বর অসুস্থ অবস্থায় হান্নান শাহকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। ৮ সেপ্টেম্বর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়েছিল।
কিন্তু অবস্থার ফের অবনতি ঘটলে তাকে পুনরায় লাইফ সাপোর্টে রাখা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর সুপারিশ করেন চিকিৎসকরা।
গত ১১ সেপ্টেম্বর রাত ১২টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে হান্নান শাহকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। তার ছোট ছেলে রিয়াজুল হান্নান ও মেয়ে শারমিন হান্নান সুমি তার সাথে রয়েছেন।
এমবি





