মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় র্যালি করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।
রবিবার (১৬ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই বিজয় মিছিল। র্যালিটি মালিবাগ ঘুরে পুনরায় নয়াপল্টনে দুপুর সোয়া ১২টায় এসে শেষ হবে।
ঐক্যফ্রন্টের ব্যানারে র্যালিতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা তাদের নির্বাচনী প্রতীক ধানের শীষ নিয়ে অংশগ্রহণ করেন এবং ধানের শীষের নামে র্যালি স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে। নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।
এছাড়াও বিএনপির নেতাকর্মীরা তাদের দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বর্তমান চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামেও বিভিন্ন শ্লোগান দেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিজয় র্যালির উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস-চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপি নেতা সানা উল্লাহ মিয়া, আবদুস সালাম আজাদ প্রমুখ।





