২০ দলীয় জোট নেতা ও জাগপার সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, দেশ এক নজিরবিহীন সংকট অতিক্রম করছে। এক ইউপি নির্বাচনেই শত খনু, জনপথ-রাজপথ রক্তে লাল।
এই চাপা সাংবিধানিক ও রাজনৈতিক সমস্যার সমাধান না হলে দেশ সহসাই অরাজকতার অন্তহীন পথে যাত্রা করবে। শেখ হাসিনার বোঝা উচিত দমন-পীড়ন কিংবা বিভাজনে সমস্যার সমাধান নাই।
ভোটারবিহীন নির্বাচনের সুবাদে দেশ ক্রমেই আন্তর্জাতিক ষড়যন্ত্রের লীলাভূমিতে পরিণত হচ্ছে। শাসকেরা ভালভাবেই জানেন এক ভারত ও ভুটান ছাড়া ৫ জানুয়ারির নির্বাচনকে কেউই সমর্থন করে নাই।
প্রধান বলেন, এই দুর্বলতার সুযোগে আকাশে শকুনের ছায়া সীমান্তে হায়েনার গর্জন। নদীমাতৃক বাংলাদেশ আজ ধু-ধু বালুচর। মজলুম জননেতা মওলানা ভাসানী ও প্রেসিডেন্ট জিয়ার মত দেশপ্রেমিক জাতীয় নেতা না থাকায় পদ্মা-তিস্তা, নদ-নদী নিয়েও কথা বলার কেউ নাই।
তারপরেও এই মাটির সন্তান হিসেবে শির উঁচু করে দাঁড়াতে হবে। তিনি ১৬ মে মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ স্মরণে পানির ন্যায্য হিস্যার দাবিতে ১৫ মে ঢাকায় সমাবেশ ও ১৬ মে রাজশাহীতে সমাবেশ ও মিছিলের কর্মসূচী ঘোষণা করেন।
তিনি আজ দুপুরে আসাদ গেট দলীয় কার্যালয়ে জাগপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন বাবলু, আবু মোজাফফর মোঃ আনাছ, আসাদুর রহমান খান, এড. মজিবুর রহমান, অধ্যাপক ইকবাল হোসেন, সৈয়দ শফিকুল ইসলাম, ভিপি মজিবুর রহমান, বেলায়েত হোসেন মোড়ল, বাদল প্রধান, গোলাম মোস্তফা কামাল, ইনসান আলম আক্কাছ, মানিক সরকার প্রমুখ।
এমবি





