একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড বিভাগ থেকে সাড়ে ৫ হাজার টাকা ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
সংসদীয় ২৩৯ হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন আলোচিত প্রার্থী আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রীর ছেলে ড. রেজা কিবরিয়া।
আজ (০২ ডিসেম্বর) রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ তার মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন।
অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেন, আমার সিটি ব্যাংক ইস্যুকৃত একটি ক্রেডিট কার্ডের প্রায় সাড়ে ৫ হাজার টাকা বকেয়া বিল পরিশোধ না করার অজুহাতে আমার মনোনয়নপত্র বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা।
তিনি বলেন, আমি দীর্ঘদিন দেশের বাইরে কর্মরত ছিলাম, বিধায় বিলটি যথাসময়ে পরিশোধ করা হয়নি। ইতিমধ্যে বকেয়া বিলটি পরিশোধ করা হয়েছে। আমি রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছি।
নেতাকর্মীদের ধৈর্য ধরে পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এই অর্থনীতিবিদ।
এমবি





